জাতীয়

মার্কিন মানবাধিকার প্রতিবেদন নিয়ে আপত্তি আছে ঢাকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম। ফাইল ছবি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম। ফাইল ছবি।

গত মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন। প্রতিবেদনটিতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম বলেছেন, ‘প্রতিবেদনটিতে সরকারবিরোধী প্রপাগান্ডা থেকে তথ্য নেওয়া হয়েছে। আগামী রবিবার মার্কিন সরকারের সঙ্গে আমাদের ধারাবাহিক বৈঠকে এই প্রতিবেদন নিয়ে কথা বলা হবে।

প্রতিটি বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাইব। আমাদের অবস্থান কী তা-ও তাদের জানাব। ’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে তথ্যবিভ্রাট রয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও। তাঁর মতে, যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা এই সময়ের নয়। আর দেশের নিরাপত্তা বাহিনীর কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২১ সালে যে পরিমাণ গুম-খুনের কথা প্রতিবেদনে বলা হচ্ছে, আমাদের রেকর্ডে তা নেই। আমাদের নিরাপত্তা বাহিনীর দ্বারা যদি কেউ বন্দুকযুদ্ধে নিহত হন, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় যদি গুলিও করে, তাহলে প্রত্যেক ঘটনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করেন। সে অনুযায়ী আমরা বিষয়টি নিষ্পত্তি করি বা বিচার বিভাগে পাঠিয়ে দিই। ’

অপরাধের দায়ে কারাগারে থাকা পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর যথেষ্টসংখ্যক কর্তকর্তা কারাগারে আছেন। র‌্যাবেরও অনেক সদস্য কারাগারে আছেন। এর অর্থ কেউই বিচারের ঊর্ধ্বে নয়। তারা (যুক্তরাষ্ট্র) যেটা করেছে, তাদের তথ্যবিভ্রাট হয়েছে বলে আমি মনে করি। ’

নিরাপত্তা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা হতো তখন যখন বিএনপি ক্ষমতায় ছিল। যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কোনো ধরনের অন্যায়-অত্যাচার নিরাপত্তা বাহিনী করলে তাকে কিন্তু আইনের মুখোমুখি আনা হচ্ছে। আমি সেটাই বারবার স্পষ্ট করে বলছি। ’

প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম বলেন, এ পর্যন্ত যা দেখা হয়েছে তাতে মনে হয়েছে, রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে মার্কিন প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ‘এলজিবিটিদের (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার)’ জন্য বাংলাদেশে আইন নেই এবং বাংলাদেশ তাদের প্রয়োজন মেটাতে পারছে না—প্রতিবেদনের এই অংশের বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী। পৃথিবীর এমন একটি মুসলিম দেশ দেখান, যারা এলজিবিটিকে অনুমোদন দেয়। এটা বাংলাদেশের মানুষের সঙ্গে বিরোধিতা করা হবে, ধর্মের সঙ্গে বিরোধিতা করা হবে। ’

মার্কিন প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে দেওয়া তথ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলার ইতিহাসও এখানে নিয়ে আসা হয়েছে। তাঁকে রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দি নন। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তাঁকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেওয়া হয়েছে। ’

রোহিঙ্গাদের বিষয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকজন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকা ডুবে মারা গেছে। এটাও কি আমাদের দোষ? আমাদের ঘাড়ে এ দোষ চাপানো হয়েছে। ’ তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রশ্নে পৃথিবীর কেউ যদি আমাদের মানবিকতা শেখাতে আসে, আমাদের মনে হয়, তাদের নৈতিক স্খলন হয়েছে। ’

তবে প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই-বাছাই করে মানবাধিকার প্রতিবেদন তৈরি করা হয়। এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো নীতিগত অবস্থানপত্র নয়। তবে এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সরকার ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এক বার্তায় বলেছেন, ‘মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হব, সে সম্পর্কে সততার সঙ্গে কথা বলতে হবে। মানবাধিকার পরিস্থিতির অগ্রগতি শুরু হয় তথ্য দিয়ে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ