গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব আবদুল আজিজের তৃতীয় ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে আজ (২৯ এপ্রিল)। বাদ জুম্মা তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল (২৮ এপ্রিল) পবিত্র শবে কদরের রাতে এশার নামাজের পর বনানীর পুরাতন ডিওএইচএস মসজিদে প্রথম নামাজে জানাযা হয়। আজ ফজর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় নামাজের জানাযা হয় তাঁর।
আজ সকালে মরহুমের মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সমাজসেবক আবদুল আজিজকে শেষ বারের মতো এক নজর দেখতে ছু্টে আসেন আশপাশের গ্রামের হাজারো মানুষ। বিপদ-আপদে পাশে পাওয়া প্রিয় মানুষটির চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। শোকাহত গ্রামবাসী তাঁর জন্য দোয়া করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপিল) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মরহুম আবদুল আজিজ দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ৫ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
বর্ণাঢ্য জীবনের অধিকারী আবদুল আজিজ তাঁর সুদীর্ঘ কর্মজীবনে কক্সবাজারের মহকুমা প্রশাসক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিকেএসপির পরিচালক ছিলেন। ১৯৩০ সালের ২১ জুলাই কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রথিতযশা আমলা।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সাবেক এই যুগ্ম সচিব। বেশ কিছু দিন হাসপাতলে ভর্তিও ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, জন্মস্থান কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই গুণী ব্যক্তিকে। এর মধ্য দিয়ে এক বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটবে।
আবদুল আজিজের মৃত্যুতে শোকাহত দেশ টিভি পরিবার।