চির নিদ্রায় শায়িত হলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব আবদুল আজিজ। প্রিয় জন্মস্থান কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে আজ (২৯ এপ্রিল) বাদ জুম্মা জানাযা শেষে দাফন করা তাঁকে। এর মধ্য দিয়ে এক বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটলো।
এর আগে জুম্মার নামাজের পর কুমিল্লা জেলার মুরাদনগরের অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২৮ এপিল) মারা যান তিনি। পরে প্রথম নামাজে জানাযা হয় পবিত্র শবে কদরের রাতে এশার নামাজের পর বনানীর পুরাতন ডিওএইচএস মসজিদে। আজ ফজর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে হয় দ্বিতীয় নামাজের জানাযা।
শুক্রবার সকালে মরহুমের মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সমাজসেবক আবদুল আজিজকে শেষ বারের মতো এক নজর দেখতে ছু্টে আসেন আশপাশের গ্রামের হাজারো মানুষ। বিপদ-আপদে পাশে পাওয়া প্রিয় মানুষটির চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। শোকাহত গ্রামবাসী তাঁর জন্য দোয়া করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপিল) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মরহুম আবদুল আজিজ দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ৫ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
বর্ণাঢ্য জীবনের অধিকারী আবদুল আজিজ তাঁর সুদীর্ঘ কর্মজীবনে কক্সবাজারের মহকুমা প্রশাসক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিকেএসপির পরিচালক ছিলেন। ১৯৩০ সালের ২১ জুলাই কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রথিতযশা আমলা।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সাবেক এই যুগ্ম সচিব। বেশ কিছু দিন হাসপাতলে ভর্তিও ছিলেন।
আবদুল আজিজের মৃত্যুতে শোকাহত দেশ টিভি পরিবার।