এবারের ঈদযাত্রায় যাত্রীদের তেমন ভোগান্তি না হওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছানোর দাবি করে রেলপথ মন্ত্রনালয়ের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এছাড়া রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনও তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রেলপথ মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে এই সন্তোষ প্রকাশ করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তি ২ মে দুপুরে পাঠানো হয় বিভিন্ন গনমাধ্যমে।
রেল মন্ত্রনালয় দাবি করছে- গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি করেছে। এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ । ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের আসনে আরোহন করে যেতে কোন ভোগান্তিতে পড়েননি। মাঝখানে দাঁড়ানো কোন লোক ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ট্রেনের কোন সময়সুচি বিপর্যয় ঘটেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের বেশকিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা নিরাপদ করা সম্ভব হয়েছে। রেলপথ মন্ত্রনালয় থেকে বলা হয়েছে, এনআইডি ছাড়া কেউ টিকিট কাটতে পারেনি। টিকিট যার, ভ্রমণ তার- মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। ফলে টিকিটবিহীন কোন যাত্রী ট্রেনে যেতে পারেনি। ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর ছিল । প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।
রেলপথ মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা করা সম্ভব হয়েছে। এজন্য রেলপথমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ঈদ পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।