বহুল আলোচিত রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আজ (৩ মে)। কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেন। মঙ্গলবার সকাল ৮টায় এই মাঠে ঈদের জামাত হয়।
বৃষ্টির আশঙ্কা মাঠায় রেখে মাঠে আগেই টানানো হয় সামিয়ানা। বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো। সকাল থেকেই বড়দের হাত ধরে শিশু-কিশোররাও আসতে থাকেন তাদের প্রিয় খেলার মাঠে। নামাজে অংশ নেন তারাও।
ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা জানান, করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না।
তেঁতুলতলা মাঠে পুলিশের জন্য থানা ভবন নির্মাণের কথা ছিল। তবে মাঠটি রক্ষার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। এর মধ্যে গত ২৪ এপ্রিল মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ফেসবুক লাইভ করার সময় কলাবাগান থানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এরপর তার ছেলেকেও আটক করা হয়। ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার পর ওইদিন মধ্যরাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ২৮ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা জানান, করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না।