ঈদ শেষে ঢাকায় ফেরার পালা। তাই আবারও ভোগান্তির চিত্র রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। ফেরি পেতে দীর্ঘ প্রায় ৮-৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। শুক্রবার রাত থেকেই যানবাহনের চাপ বেড়েছে এই ঘাটে। ফলে দীর্ঘ যানজটের কবলে ঢাকাগামী ঈদ ফেরত যাত্রীরা।
শনিবার (০৭ মে) সকালে দৌলতদিয়া ঘাটে দেখা গেল ভয়ঙ্কর যানজট। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে শুধু গাড়ি আর গাড়ি। প্রায় ৯ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এখানে।
ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, ভোগান্তি কমাতে যানবাহন পারাপারের জন্য সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরি চলাচল করছে। এর আগে এই নৌপথে ২০টি ফেরি চলছিল। বর্তমানে ১১টি রো রো (বড়) ফেরি, ৮টি ইউটিলিটি (ছোট) ফেরি, দুটি টানা(ডাম্প) ফেরিসহ মোট ২১টি ফেরি চলাচল করছে। পাশাপাশি ২২টি লঞ্চ চলাচল করছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দিন সাংবাদিকদের জানান, আজ ছুটির শেষ দিন হওয়ায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনে চাপ বেড়েছে। আশা করছি বিকেলের মধ্যে এই জট কেটে যাবে।