রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা অপরাধীদের জরিমানাকারী
রেলের টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
রোববার (৮ মে) রাজধানীর রেলভবনে তার নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান।
পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত: গত ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ভ্রমনকারীদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এরপর বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।
রেলমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, আমার স্ত্রী তার আত্মীয়ের সাথে খারাপ ব্যবহারহয়েছে -এ ব্যাপারে অভিযোগ করেছে, কিন্তু বরখাস্ত করার কথা তিনি বলেননি। আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেননি। এতে আমি বিব্রত। এজন্যই টিটিইর বরখাস্ত বাতিল করা হলো।
রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, সম্প্রতি বরখাস্তকৃত টি টি ই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশ এবং পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনাটা বের হয়ে আসবে। তিনি বলেন,গতকাল পর্যন্ত তিনি জানতেন না যে অভিযোগকারীরা তার স্ত্রীর আত্মীয়। তিনি পরে জানতে পেরেছেন। তবে মন্ত্রীর স্ত্রী শুধুমাত্র অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন করতে বলেননি।
টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে রেলমন্ত্রী বলেন , টিআইবি দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে। এখানে মন্ত্রীর কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা দেখার আগেই তারা এটা করেছে।