মন্ত্রণালয়ের কাজে স্ত্রীর হস্তক্ষেপের দায় নিয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পদত্যাগের দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করছেন। অথচ কিছু কিছু মন্ত্রীর স্ত্রীদের আদেশ-নির্দেশ পালনের ফলে বিভিন্ন দপ্তরের কাজে অনিয়ম-দুর্নীতি এখন আকাশচুম্বী।’
বিবৃতিতে অভিযোগ করা হয়, মন্ত্রীর স্ত্রীদের পৃষ্ঠপোষকতায় ৮-১০ বছর ধরে স্বপদে থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা টাকার কুমির বনে যাচ্ছে। ফলে দেশ এখন আমলাদের হাতে জিম্মি।’
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, ‘রেলপথ মন্ত্রণালয়ের মতো কচ্ছপ গতির মন্ত্রণালয়ে একটি জনবান্ধব সিদ্ধান্ত নিতে বছরের পর বছর ফাইল আটকে থাকে। অথচ অফিস খোলার সঙ্গে সঙ্গে সকাল ১০টায় একজন কর্তব্যরত টিটিইকে কীভাবে বরখাস্ত করা হলো, দরখাস্ত কোন সময় গ্রহণ করা হলো, কখন যাচাই-বাছাই করা হলো, কে এই অভিযোগ রিসিভ করলো, কে বরখাস্তের আদেশ অনুমোদন করলো?’তা নিয়ে প্রশ্ন তোলেন।