রেলমন্ত্রীর ৩ আত্মীয়ের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের ঘটনায় তোলপাড় যখন দেশ, তখন টনক নড়লো রেলপথ মন্ত্রণালয়ের। রোববার (৮ মে) বিকেলে এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম-সচিব) মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ঐ অফিস আদেশে বলা হয়েছে, রেলমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা এবং আত্মীয়স্বজনের কোনো রেফারেন্সে (সুপারিশ) ট্রেনে চলবে না। এমনকি এ সব পরিচয়ে অবৈধ সুবিধা দাবিকারীকে পুলিশে দিতে বলেছেন মন্ত্রী। তবে নির্দেশনায় আমলাদের রেফারেন্স মানা হবে না বললেও মন্ত্রীর রেফারেন্সে সুবিধা নেওয়া বা দেওয়া যাবে কি না- এমন কোনো তথ্য উল্লেখ নেই।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে রেলমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাদের রেফারেন্সে আত্মীয়, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব দাবি করছে অনেকে। এমনকি বিভিন্ন রেলস্টেশনে টিকিটসহ ট্রেনের বিশেষ সুবিধা দাবি করছেন। এ সব পরিচয় দিয়ে অনেকেই মোবাইলেও সুবিধা দাবি করছেন। এমন পরিচয় দানকারীকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
গত ৫ মে রাতে পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন। পরে ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ওই তিন যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেন। এতে টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তের আদেশ শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে।
এ ঘটনা তদন্তে শনিবার (৭ মে) সকালে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।