জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা।
মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গনমাধ্যমকর্মীদের জানান, অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৯৪ কোটি ৩৮ লাখ টাকা, ঋণ থেকে ৬৪১ কোটি ৯০ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করা হবে।
পরিকল্পনা মন্ত্রী আরো জানান, সড়ক নির্মানের চেয়ে এখন সড়ক সংস্কার ও সংরক্ষণের দিকে মনোযোগ দিতে একনেক সভায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান।