আগামী জুলাই মাসে পদ্মা সেতুর রেলপথ স্থাপনের কাজ শুরু হবে। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ রোববার এ তথ্য জানিয়েছেন। দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের রেলপথ স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী দিন থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করার পরিকল্পনা ছিল। তবে কারিগরি দিক বিবেচনা করে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেতুর উপরিভাগে রেলপথ স্থাপনের কাজ করা সম্ভব হয়নি। ফলে জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর জুলাই মাস থেকে সেতুর উপরে রেলপথ স্থাপনের কাজ শুরু হবে।
পদ্মা সেতু হয়ে রেলপথ ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ হবে। এই বছর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের মধ্যে যশোর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।
রেলমন্ত্রী আজ মাওয়া থেকে পদ্মার অন্য প্রান্ত মাদারীপুরের কাঁঠালবাড়ীতে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।