আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি'র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটের এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।
এই সভার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, ২০২২-২৩ অর্থ বছরের দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার মূল এডিপির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৫৬ হাজার তিন কোটি টাকা। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বেশি। উন্নয়ন বাজেটের মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬০ হাজার ১৭০ কোটি টাকা ও প্রকল্প সহায়তা থেকে ৯৫ হাজার ৮৩৩ কোটি টাকা পাওয়া যাবে বলে তিনি জানান।
এই মোট হিসাব থেকে সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৯৩৭ কোটি টাকা পাওয়া যাবে। এ হিসাবে আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।