বাংলাদেশ-ভারত আন্ত:দেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে ২৯ মে। ২৯ মে ঢাকা-কোলকাতা পথের মৈত্রী ও খুলনা-কোলকাতা পথের বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। তারপর ১ জুন ঢাকা থেকে নিউজলপাইগুড়ির পথে চালু হবে মিতালী এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৮ মে) ভারত রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়ে এই তিনটি ট্রেন চালুর তারিখ জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার সাহাদাত আলী বলেন, ২৯ মে থেকে আন্ত:দেশীয় ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিছু প্রস্তুতি বাকি আছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতে চলাচলকারী আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণ পরিস্থিতির ফলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত ২৮ এপ্রিল ঢাকা সফরকােল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শিগগিরই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। তারপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের প্রয়োজনীয় ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেন চালুর বিষয়েও দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়।
ঢাকা-কোলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করছে ২০০৮ সাল থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের সব দিনই ট্রেন চলাচলের সূচি রয়েছে। ২৯ মে থেকে এটি আগের মতোই চলাচল করবে। বন্ধন এক্সপ্রেস বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রোববার দুদিন ছেড়ে যাবে। ভারত থেকে আসবে দুদিন।
ঢাকার সেনানিবাস স্টেশন ও ভারতের নিউজলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বৃহস্পতি ও সোমবার ট্রেন ছাড়বে। একইভাবে ভারত থেকেও দুদিন ট্রেনটি বাংলাদেশে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, মিতালী এক্সপ্রেসে ঢাকা থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত এসি বার্থের ভাড়া হবে ৪ হাজার ৯০৫ টাকা। এসি সিটের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭০৫ টাকা।