আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়া মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার(১৯ মে) সকালে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রমত্তা পদ্মা নদী প্রবল খরস্রোতা। নদীর এপার-ওপার ভাঙাগড়ার খেলায় অনেক কষ্টে এই ভাঙনের মধ্যে কাজ করতে হয়েছে। প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শতভাগ সততার সঙ্গেই এই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। সফলভাবে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের তা গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা মোকাবিলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে। দলের ভেতরের সব অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে।
তিনি বলেন, '৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ৬ বছর নির্বাসনে থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দেশের মাটিতে পা রেখেই কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে শেখ হাসিনা সারা বাংলায় ঘুরে ঘুরে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে গোটা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন ও অর্জনে বিশ্বের বিস্ময় এবং সব ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে।