স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে বা যারা আমার নামে চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন? যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে।
শুক্রবার (২০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাবের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠানশেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
প্রসঙ্গত: স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করছে- অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মে) রাতে রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র্যাব। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা। গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদকে। গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের কোনো ভিত্তি নেই। ১১৬ জনকে ধর্মব্যবসায়ী আখ্যা দিয়ে করা গণকমিশনের করা শ্বেতপত্রের ভিত্তি নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে সেটি তিনি জানেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্বেতপত্রটি পর্যালোচনা করা হবে। তবে এটি নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে শক্ত হাতে সেটি দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ নিয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার নামেই চাঁদাবাজি করা হোক না কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নামধারী যারা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেছেন তাদের তিনি চেনেন না বলে দাবি করেন।
তিনি বলেন, যারা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করেছে তাদের গ্রেফতার করা হয়েছে।