ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবুজবাগ থানার পাঁচ নম্বর ওয়ার্ডের ছয়টি ইউনিটের সম্মেলন আজ শুক্রবার সকালে স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সম্মেলন-বক্তা ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি বলছে-এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। কোন সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে? সংবিধান মানলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যেতে হবে। যারা অনির্বাচিত সরকার হলে মন্ত্রী হতে পারবেন বলে মনে করছেন-তারাই জাতীয় সরকারের ফর্মূলা দিচ্ছেন।
এদেশে এক-এগারোর আর সুযোগ নেই। অনির্বাচিত সরকারও হবে না। সংবিধান অনুযায়ী হবে জাতীয় নির্বাচন। বিএনপিসহ যারা অসাংবিধানিক পথ খুঁজছে তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে।
সম্মেলন-বক্তা সাবের হোসেন চৌধুরী বলেন, ত্যাগ, অতীতের ট্র্যাক-রেকর্ড এবং নেতাকর্মীদের গ্রহনযোগ্যতার ওপর ভিত্তি করেই কমিটি করা হবে। কোনো ভাই এসে কমিটিতে বসিয়ে দেবে না। অতীতে এমন হলেও এখন আর তা হবে না। তিনি আশা প্রকাশ করেন, অতীতের নির্বাচনগুলোর মতোই ঢাকা-৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।
এর আগে ত্রি বার্ষিক ইউনিট সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন তানিয়া হোসেন।