দুই-এক মাসের মধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহবান জানানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার(২০ মে) সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন ।
সকাল ১০ টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে ঢাকা সিনিয়র জেলা নির্বাচন অফিস ও সাভার উপজেলা প্রশাসন। এর আগে আলোচনা সভায় তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, অচিরেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে আহবান জানাবো সংলাপে বা আলোচনায় বসার জন্য। হয়তো দুই-এক মাসের মধ্যেই আমরা আলোচনায় বসতে পারি। সিইসি নিজে উপস্থিত থেকে ১৬ ও ১৭ বছর বয়সী দুই শিক্ষার্থী মিশরী ও অর্থের তথ্য হালনাগাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন তিনি। বেলুন ও পায়রা উড়িয়ে দেশের ১৩৯টি উপজেলায় একযোগে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সিইসি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি মাঠ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
নাগরিকদেরকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ভোটার তালিকা সংরক্ষণ করা অনেক সহজ হয়েছে। আমরা সঠিকভাবে আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ভোটার তালিকা সংরক্ষণ করতে পারি।
তিনি আরো বলেন, ইভিএমের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার, আরো কি কি করা যায়, আমরা আরো কিছু সভা করবো। এরপর আমরা ইভিএমের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবো। আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।