বরিশালের উজিরপুরে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। দ্রুত গতিতে ধাক্কা খাওয়ায় বাসটি গাছের মধ্যে ঢুকে যায়। এতে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই শিশুসহ ১১ জন নিহত হন। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। হতাহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব রায় বলেন, দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ তাদের হাসপাতালে রাখা আছে।