রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৪৬) নিহত হয়েছেন।
সোমবার (৩০ মে) দিবাগত রাত ১টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক সুত্রে জানা গেছে, শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত ছিলেন। ডিউটিশেষে রাতে মোটরসাইকেলে ব্যারাকে ফেরার সময় কাকরাইল মোড়ে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।