আন্তর্জাতিক উন্নয়ন আর্থিক সংস্থা-ডিএফসি’র তহবিল সুবিধা পেতে বাংলাদেশকে শ্রমের মান উন্নয়নের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ডিএফসির তহবিল সুবিধার জন্য ওয়াশিংটনের কাছে বাংলাদেশ অনুরোধ জানালে যুক্তরাষ্ট্র এ পরামর্শ দেয়। ডিএফসির তহবিল সুবিধা পেতে বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পথনকশা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিতীয় অর্থনৈতিক পরামর্শক সভা হয়। সভা শেষে প্রচারিত যৌথ ঘোষণায় এ-সংক্রান্ত তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ। বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।