ঘন কুয়াশার মতো সমস্যার সময় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আবহাওয়া পূর্বাভাসের সাবস্টেশন স্থাপন করা হয়েছে। সেতু বিভাগ জানিয়েছে, কুয়াশা ছাড়া অন্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও সেতুতে গণপরিবহন চলাচল বন্ধ কিংবা সীমিত থাকবে।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।
পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশে একযোগে দেখানোর ব্যবস্থা করতে ১ জুন সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
সেতুর মূল কাজ শেষ হয়েছে। বাকি টুকটাক কাজও ১৫ জুনের মধ্যে শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।