চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের আগুন সহসা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন বন্দরনগরীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। রবিবার (৫ জুন) সকাল দশটার দিকে তার দেয়া তথ্য থেকে জানা গেছে, আগুন যেন বাইরে ছড়াতে না পারে তারা এখন পর্যন্ত সেই অবস্থায় পৌছাতে পেরেছেন। তবে কাছে যেতে না পারায় শতভাগ নেভানোর প্রক্রিয়া শুরু করতে পারছেন না।
এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক পদার্থ আছে। ২৫টি ইউনিট কাজ করছে। থেকে থেকে বিস্ফোরণ হচ্ছে। আমরা কাছে যেতে পারছি না। মালিকপক্ষকে এখনো পাইনি। কোন কনটেইনারে কী আছে সেটি বুঝতে পারছি না। কখন পুরোপুরি নেভানো সম্ভব হবে এখনই আমরা বলতে পারছি না।’
তিনি জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঢাকা থেকে একটা বিশেষ টিম ডাকা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোয়া দশটা পর্যন্ত এই দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য কাজে যোগ দিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। শনিবার রাত আটটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।