চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি দল সোমবার (৫ জুন) চট্টগ্রাম যাচ্ছে।
রোববার (৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডা. সামন্ত লাল সেন। দলের অপর দুই সদস্য-ডা. হেদায়েত আলী খান ও ডা. হোসেন ইমাম।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের এক সদস্যসহ চার জন আমাদের এখানে চিকিৎসাধীন। আমরা তাদের শঙ্কামুক্ত বলতে পারি না।’
‘ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি। চট্টগ্রামের একজন সহযোগী অধ্যাপক, ডা. রফিকের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি’, যোগ করেন ডা. সামন্ত লাল সেন।
চট্টগ্রামে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন।’
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: