চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে হেলিকপ্টারে করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশসেরা চিকিৎসক ডা. সামন্ত লাল সেন ও তার টিম সোমবার (৬ জুন) সকালের প্রথম ফ্লাইটে চট্টগ্রামে এসে রোগীদের চিকিৎসার কাজ শুরু করবে বলেও জানান তিনি।
রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টায় চমেক হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুণ্ডে সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
এসময় তিনি জানান, নিহত ৪৫ জনের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৪৬ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শ্রম মন্ত্রণালয় থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকার চেক দেওয়া হবে। আজ ১৩ জনের পরিবারকে এই টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতদের ৫০ হাজার ও আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।