চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০টি কনটেইনার পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুড়ে গেছে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৯০০ কোটি টাকা।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী রোববার (৫ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময়ে সাড়ে চার হাজারেরও বেশি কনটেইনার ছিলো। এরমধ্যে অন্তত এক হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বিএমের ডিপোতে বেশি ক্ষতি হয়েছে রপ্তানিপণ্যের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের রপ্তানিপণ্য পুড়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় ৯০০ কোটি টাকা প্রায়। তবে ঠিক কতটি প্রতিষ্ঠানের পণ্য পুড়ে গেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত ফায়ার সার্ভিসকর্মী রয়েছেন।
ভয়াবহ এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার শতাধিক। হতাহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্টরা জানান, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।
অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।
আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, ডিপো ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অনেকেই আহত থাকায় সঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।