সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে চমেক হাসপাতালে যান।
এ সময় চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহানা আখতার ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, কনটেইনার বিস্ফোরণে হতাহতের খবর শুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের রক্ত দিতে ছুটে আসে। তারা হাসপাতালে পৌঁছানোর জন্য আমরা বাস দিয়েছিলাম। এছাড়া দুর্ঘটনার পরদিন আহতদের মাঝে খাবার সরবরাহ করেন চবির ছাত্রীরা।
এ সময় চবি উপাচার্য আহতদের পরিবার ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।