চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসা নিতে আসা খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর।
করোনা শনাক্ত হওয়ায় খালেদুরকে গতকাল সোমবার (৬ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খালেদুরের শরীরের ১২ শতাংশ পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জুন) সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম ডিপোতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আপাতত আমরা নিশ্চিত করে বলতে পারি, অলমোস্ট পুরোপুরি কন্ট্রোলে (আগুন) চলে এসছে। ধোয়া বের হচ্ছে। আপনারা জানেন কিছু কনটেইনারে কাপড়রের জিনিসপত্র আছে। এখন ভয়ের কিছু নেই।’