রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদ থেকে পড়ে জামাল (২৫) নামে এক শ্রমিকের মুত্যু হয়েছে। খিলগাঁও মেরাদিয়ার আদম আলীরটেক আরবান কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পেশায় রড মিস্ত্রি জামালের সহকর্মী আশরাফুল গণমাধ্যমকে বলেন, আটতলা ভবনের সপ্তম তলার ছাদে রডের কাজ করার সময় অসতর্কতার কারণে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়েছিল। উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আশরাফুল জানায় সাত তলায় কাজ করার সময় নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খিলগাঁও থানাকে জাননো হয়েছে বলে জানান তিনি।