র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ মো. লোকমান হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (৭ জুন) দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
সোমবার (৬ জুন) সকালে শ্যামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাতটি মোবাইল নেটওয়ার্ক বুস্টার, ২৯টি আউটডোর অ্যান্টেনা, ৫৪টি ইনডোর অ্যান্টেনা, দুটি বুস্টারের ক্যাবল ও দুটি সিমসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
এ সময় র্যাব বলেন, গোয়েন্দা সংবাদ এবং আগে গ্রেফতার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্যামপুরে মোবাইল নেটওয়ার্ক বুস্টারের ব্যবসা করে আসছে একটি চক্র।
সে অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি দলকে নিয়ে র্যাব শ্যামপুরে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় লোকমান হোসেনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান জানান, ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি তিনি মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রি করে আসছিলেন।
বীণা রানী দাস বলেন, বিটিআরসির অনুমোদন ছাড়া এসব যন্ত্র এবং যন্ত্রাংশ কেনাবেচা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার অবৈধভাবে বিক্রির ফলে সরকার বছরে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
গ্রেফতার লোকমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব-৩ এর এই অতিরিক্ত পুলিশ সুপার।