চট্টগ্রাম মেডিকেল কলেজে নার্সদের বিক্ষোভের কারণে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হয় ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। নার্সদের ওপর হামলার ঘটনায় আজ মঙ্গলবার (৭ জুন) বিকেল থেকে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা জানান, হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের একজন জ্যেষ্ঠ নার্সকে মারধর করেন চমেকের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থী। এরপর আরও কয়েকজন শিক্ষার্থী এসে পাঁচজন নার্সকে মারধর করেন। এর প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অবস্থানরত নার্সরা বলেন, মারধরের বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন।
ওই ওয়ার্ডটিতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত ৮-৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাসপাতালের বার্ন ইউনিটের নার্সরাও অংশ নেন বিক্ষোভে।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন বলেন, প্রায় ১-২ ঘণ্টা ধরে ওয়ার্ড ছেড়ে নার্সরা চলে গেছেন।
এদিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টায় নার্সদের সঙ্গে আলোচনায় বসেছে চমেক কর্তৃপক্ষ।
সীতাকুণ্ডে ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আহত অনেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এই পরিস্থিতিতে সেবাদান যেন ব্যাহত না হয়, সেজন্য নার্সদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।