দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯ জুন বৃহস্পতিবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এরই মধ্যে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ সম্পন্ন হয়েছে। ঈদের বিরতি শেষে ৯ জুন এবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
জানা যায়, ৯ জুন সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।