আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি অন্তর জ্বালায় মরে যাচ্ছে। এদের বুকে বিষ জ্বালা। বিষ জ্বালা নিয়ে এরা অপপ্রচার করছে। পদ্মা সেতু নিয়ে এরা মিথ্যাচার করছে।
বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বলেছেন পদ্মা সেতুর এপারে ওপারে মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নাকি করেছেন খালেদা জিয়া। রূপকথার গল্প। রূপকথার কাহিনি। সাংবাদিকেরা তৎকালীন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন, ফখরুলের এ বক্তব্যের সত্যতা কতটুকু। যোগাযোগ মন্ত্রী বলেছেন এ নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু কোনো ভিত্তিপ্রস্তর হয়নি। মিথ্যাচার। মির্জা ফখরুল কীভাবে যে এত মিথ্যা কথা বলেন!
নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি যে মিথ্যাচার করছে আপনাদের এর জবাব দিতে হবে ২৫ তারিখে। ২৫ তারিখ এর সমুচিত জবাব দেবেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান প্রমুখ।