করোনার চাপ সামলে পৃথিবী যখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ অপেক্ষায় নতুন অর্থবছরের (২০২২-২৩) বাজেটের জন্য। বৃহস্পতিবার (৯ জুন) বেলা তিনটায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি। এবার ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
নতুন বাজেটে ভর্তুকি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। তবে অর্থনীতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সরকার তার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
বাজেটের আকার জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিডিপির অংশ হিসেবে বাজেটের আকার ২ শতাংশেরও বেশি কমিয়ে আনছে সরকার।
বাজেটের আকার কমলেও আগামী অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় আড়াই লাখ কোটি টাকায়। বাজেটের এ ঘাটতি জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।