দীর্ঘ দুই বছর পর আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস ফের চালু হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুরস্থ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে গেছে।
এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্যামলী এনআর ট্রাভেলসের চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, শুরুতে চারটি রুটে এই বাস চলাচল শুরু হয়েছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচলের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
করোনা মহামারির কারণে প্রায় ২৭ মাস স্থগিত থাকা এ বাস সার্ভিস আবারও চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের পর্যটক বৃদ্ধি পাবে এবং দু’দেশের সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া বাংলাদেশ ও ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে তামাবিল-ডাউকি চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
প্রতিবেশি এই দুই দেশের মধ্যে সাশ্রয়ী ও জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এই বাস সার্ভিস, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যমও।
করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস চলাচল। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা আর দ্রুত বাস্তবায়ন করা যায়নি।