বিদেশে পাচার হওয়া অর্থ নির্ধারিত কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে। অপ্রদর্শিত অর্থ দেশে ফেরত আনতে এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কালো টাকা সাদা করার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকা ডিজিটাল মাধ্যমে পাচার হচ্ছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত দেশও এ ধরনের সুযোগ দেয়। নানা কারণে টাকা পাচার হয়, কোনও প্রমাণ ছাড়া এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। তবে কারও কারও ক্ষেত্রে অ্যাকশনও নেওয়া হচ্ছে প্রমাণ সাপেক্ষে। এগুলো আমরা চেষ্টা করছি ফেরত আনতে। আপনার বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কী।’
তিনি বলেন, ‘আমরা এগুলো কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলি। আমরা এ দেশের মানুষের কল্যাণেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫১তম এবং সর্ববৃহৎ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ।
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশনে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাবর্তনের’ শীর্ষক বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।