বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হওয়া বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই বোর্ডে।
অধ্যাপক জাহিদ বলেন, ‘ম্যাডামকে সিসিইউতে রাখা হয়েছে। সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বসছে। তার হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করবেন তারা।’
এর আগে শনিবার মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এ সময় হাসপাতালে ছিলেন।
পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।