১৩ জুন থেকে দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধাপে রাজধানীর তিনটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা, মতিঝিল ও রমনা এলাকায় ১৩ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ তথ্য নেওয়া হবে।
এর আগে, গত ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেওয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদে ভোটার বৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৮৪ লাখ ৯৬ হাজার ৫২৬ জন ব্যক্তিকে হালনাগাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।