পুরো পদ্মাসেতু এখন আলোয় উদ্ভাসিত। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় পুরো সেতু জুড়ে জ্বলে ওঠে সড়ক বাতি। সন্ধ্যা ৭টার দিকে সেতুর মাওয়া থেকে জাজিরাপ্রান্ত পর্যন্ত সর্বমোট ৪১৫টি বাতি প্রজ্বলন করা হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলীদের কাছ থেকে জানা গেছে, ছয় দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতুতে বৈদ্যুতিক বাতি রয়েছে ৪১৫টি। আর দুই পাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০ বাতি।
৪১৫টি সড়কবাতির মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের সেতুর ঢালে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি।
গত ১৮ এপ্রিল এসব সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়।
বাঙালির স্বপ্নের এই সেতু উদ্বোধন করা হবে আগামী ২৫ জুন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলবে ২৬ জুন সকাল ৬টা থেকে।