পদ্মা সেতু ও পায়রা গভীর সমুদ্রবন্দর ছাড়া অন্য মেগা প্রকল্পগুলোতে বৈদেশিক অর্থায়ন থাকায় প্রকল্প-সংক্রান্ত আমদানি ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ভারসাম্যে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার(১৫ জুন) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
১৬টি মেগা প্রকল্পের তথ্য-উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেগা প্রকল্প অনুমোদনের আগে যথাযথভাবে এর আর্থিক ও অর্থনৈতিক দিক বিশ্লেষণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বিরূপ প্রভাবের আশঙ্কা নেই। যে কারণে প্রকল্পগুলো বাস্তবায়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। প্রকল্পগুলো অধিকাংশ বৈদেশিক ঋণ/অনুদান সহায়তায় করা হলেও এগুলোর সুদের হার তুলনামূলকভাবে অনেক কম এবং ঋণ পরিশোধের মেয়াদ ও গ্রেস পিরিয়ডও অনেক। ঋণের অর্থ অবমুক্তির ক্ষেত্রে বড় কোনো জটিলতা পরিলক্ষিত হয়নি।
প্রকল্পগুলো বাস্তবায়নকালে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পকেন্দ্রিক অনেক ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প/ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে। ফলে পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা মূলত ব্যাহত হওয়ার পরিবর্তে ত্বরান্বিত হচ্ছে। তা ছাড়া এসব প্রকল্পের (পদ্মা বহুমুখী সেতু ও পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প ছাড়া) বৈদেশিক অর্থায়ন থাকায় প্রকল্প-সংক্রান্ত আমদানি ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ভারসাম্যে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।