ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের( ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার মধ্যকার 'সিস্টার সিটি এগ্রিমেন্ট' সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়। এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দু'দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামীদিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন।