দেশে গেলো ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ এবং ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে।
এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকলো।
শুক্রবার(১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে ৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।