বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে আজ শনিবার (১৮ জুন) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবেন ড. মোমেন। দুই দিনের সফরের শুরুর দিন ড. মোমেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন অনুষ্ঠেয় জেসিসি বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।
বৈঠকে উভয়পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে বাণিজ্য, কানেক্টিভিটি, পানি, জ্বালানি, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ নতুন নতুন অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বিষয় উঠে আসবে। ঢাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত করাসহ হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশটিতে গ্রেপ্তার পি কে হালদারকে বাংলাদেশে দ্রুত ফেরত আনতে নয়াদিল্লির সহযোগিতা চাওয়া হবে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছে। ওই সব বৈঠকে যেসব বিষয় অমীমাংসিত ছিল বা আটকে রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে।
এর আগে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়েও আলোচনা হবে এবং দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করা হবে।