দেশের বন্যা পরিস্থিতি অবনতির শুরু থেকেই স্থানীয় সরকারের সঙ্গে কাজ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)। বন্যায় জরুরি সহায়তায় নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে সংগঠনটি।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার, খাবার পানি, খাবার স্যালাইন, দিয়াশালাই, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতেও এই অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক অবস্থায় প্রায় ৫২ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে।
জরুরি সহায়তা সেবার আওতায় যেসব পরিবারের প্রধান ব্যক্তি নারী এবং যেসব পরিবারে প্রবীণ, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী আছেন, সেসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছ।
বন্যা কবলিত অঞ্চলগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্র্যাক তার ক্ষুদ্রঋণ কর্মসূচির ঋণের কিস্তি সংগ্রহের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও স্থানীয় সরকারের সকল নির্দেশনায় সহযোগী হিসেবে কাজ করছে ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা।
অনাকাঙ্খিত এই প্রাকৃতিক দুর্যোগের স্থানীয় পর্যায়ে প্রয়োজন পর্যালোচনা করে দেখা গেছে প্রায় ২৫ কোটি টাকার জরুরি সহায়তা প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ সংগ্রহে ব্র্যাক মানবিক সহায়তামূলক আহবান ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে সমাজের অবস্থাপন্ন সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
‘ডাকছে আমার দেশ’ মাধ্যমে অর্থ সহায়তার বিস্তারিত জানতে ক্লিক করুন: https://brac.net/dakcheamardesh/ এই ঠিকানায়।