পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিন হাজার সুধীজনকে আমন্ত্রণের কথা জানিয়েছে সেতু বিভাগ।
সোমবার (২০ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু হবে।
এ তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা।
আগামীকাল সোমবার (২০ জুন) থেকে বিতরণ শুরু করা হবে।
জানা গেছে, এরই মধ্যে পদ্মা বহুমুখী সেতুর সড়কপথের সব কাজ সম্পন্ন। শুধুমাত্র রেলিংয়ের কিছু কাজ চলছে। সেটাও উদ্বোধনের আগেই শেষ হয়ে যাবে।
আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি।
এরপরে অন্যপ্রান্তেও নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।