বিশ্ব শরণার্থী দিবস আজ। প্রতি বছর জুন মাসের ২০ তারিখ বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। এবারের শরণার্থী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপত্তা খোঁজার অধিকার’।
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে চলাফেরা সীমিত হয়ে পড়লেও যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনসহ নানা কারণে গত বছর ৩০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছেন।
এই মুহূর্তে অনেকেই অভ্যন্তরীণ সংঘর্ষ, নিপীড়ন, পানি বা জলবায়ু সমস্যায় নিজ ভূমি ছেড়ে অন্য কোথাও পালিয়ে রয়েছেন। এ মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় খুঁজে নিতে বাধ্য হয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা বিদেশে রয়েছেন, তাঁরাই উদ্বাস্তু বা শরণার্থী হিসেবে পরিচিত। অনেক সময় নিজ ভূমি থেকে বিতাড়িত ঝুঁকিপূর্ণ এ মানুষগুলোকে অস্থায়ী আবাসস্থল বা কমিউনিটি ক্যাম্পে জীবনযাপন করতে হয়। চরম বৈষম্যের মুখে তাঁদের সহনশীলতা ও সাহসকে সম্মান জানাতে ২০ জুন শরণার্থী দিবস নির্ধারণ করে জাতিসংঘ।