দেশের আট বিভাগেই সোমবার (২০ জুন) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হবে।যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সিলেট অঞ্চলে বন্যা উপদ্রুত মানুষকে রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে।
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।