পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচলে যানজট এড়াতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার (২০ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন (শুধুমাত্র ২৫ জুন) অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।
বাংলাদেশ-চীন মৈত্রী (বুড়িগঙ্গা-১) সেতু থেকে ইজারার মাধ্যমে দৈনিক ১ লাখ ৯৯ হাজার ১৪৬ টাকা, ধলেশ্বরী সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৫ লাখ ৭৮ হাজার ১৯১ টাকা এবং আড়িয়াল খাঁ (হাজী শরীয়ত উল্লাহ) সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৬২ হাজার ৩৪৪ টাকা টোল আদায় করা হয়। অর্থাৎ তিনটি সেতু থেকে একদিনে সর্বমোট ৮ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা টোল আদায় হয়।