বজ্রপাতে দেশের তিন জেলায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধা জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
নওগাঁ:
নওগার মান্দা উপজেলায় বজ্রপাতে কৃষক জমসেদ আলী (৪০) ও জেহের আলীর (৭০) মৃত্যু হয়েছে। এ সময় কৃষক তৌহিদুল ইসলাম (৭০) ও আসলাম (৪৫) আহত হন। বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমসেদ আলী নারায়ণপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে বলে জানা গেছে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, চৌদ্দমাইল মোড় সংলগ্ন জয় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে তারা আশ্রয় নেওয়ার জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী প্রাণ হারান।
মেহেরপুর:
নিজ জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষক আবু বক্কর সিদ্দিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বজ্রপাতে দুই গৃহবধূসহ আহত হয়েছেন চার জন। নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে আহতরা হলেন, একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ। আহত আঙ্গুরা ও কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন সুমন।
মেহেরপুর সদর থানার ওসি জুলফিকার আলী বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এরশাদ মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদ মণ্ডল রামচন্দ্রপুর গ্রামের বছু মিয়ার ছেলে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরছিলেন এরশাদ। এ সময় হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এরশাদের মৃত্যু হয়।