রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
তাদের দেয়া তথ্য থেকে বৃহস্পতিবার (২৩ জুন) জানা গেছে, সেতুর পিলারের নিচে ৬২ মিটার পর্যন্ত মাটি সরে যেতে পারে, এটা ধরে নকশা করা হয়েছে। সেতুটি চার হাজার ডেড ওয়েট টনেজ (ডিডব্লিউটি) ক্ষমতার জাহাজের ধাক্কা সামলাতে পারবে।
পদ্মা সেতুকে ভূমিকম্প সহনীয় করতে সর্বোচ্চ ক্ষমতার বিশেষ ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যার নাম ‘ডাবল কারভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’। সবচেয়ে বড় বিয়ারিংটির ওজন ১৫ টন। মোট বিয়ারিং লেগেছে ৯৬ সেট।
প্রকৌশলীরা বলছেন, ভূমিকম্প মাটিতে কম্পন সৃষ্টি করে। এই কম্পন প্রথমে পিলারে যাবে। বিয়ারিংগুলো এর কম্পন ক্ষমতা কমিয়ে দেবে। এ ছাড়া স্প্যানে ভূমিকম্পের সামান্য আঘাত গেলেও তা থেকে সেতুকে রক্ষা করার জন্য প্রতিটি জোড়ায় সংকোচন-সম্প্রসারণের বিয়ারিং বসানো হয়েছে।
২৫ জুন সকালে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।
সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মুন্সিগঞ্জের পদ্মাপারে। উদ্বোধন ও সমাবেশ হবে মাওয়ায়। তাই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন অনুষ্ঠান স্থল ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলছে সাজসজ্জা। জোরদার করা হয়েছে নিরাপত্তা।