পদ্মা সেতু আমাদের সাহস, সক্ষমতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি)।
শনিবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। আজকে প্রধানমন্ত্রী দিলেন পদ্মা সেতু।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন এবং মুক্তি পাবার পথও দেখিয়েছিলেন। কিন্তু একাত্তরের ঘাতক দল বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলো। পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরে এসেছিলেন। শুরু করেছিলেন তাঁর নিরন্তর সংগ্রাম। গত ৪১টি বছর ধরে ক্রমাগত তিনি সংগ্রাম করে চলেছিলেন পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে। পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তিনি বাঙালি জাতিকে আরও নতুন অনেক স্বপ্ন দেখাচ্ছেন। যে স্বপ্নই যখন দেখিয়েছেন পিতার মত সে স্বপ্ন বাস্তবায়ন করতে যা যা দরকার তা করেছেন। তারই নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয় ও ডিজিটাল বাংলাদেশ। আর তার জন্যেই চাঁদপুরে বসে পদ্মা পাড়ের প্রতিটি ঘটনা আমরা উপভোগ করতে পেরেছি।
দীপু মনি বলেন, পদ্মা সেতু আমরা বলছি বিজয়ের প্রতীক, অপমানের প্রতিশোধ, আমাদের সাহস, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক। আর এ সবকিছুর প্রতীক তো একজন, তিনি শেখ হাসিনা।